গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন আল-মুজাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান

কাজী রিয়াজ রহমান নামটি আজ মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক। ২০১২ সালে তিনি আল-মুজাহিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার যাত্রা শুরু হয়েছিল ঢাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের সহায়তার একটি ছোট উদ্যোগ দিয়ে। ফুটপাতে ঘুমানো শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করাই ছিল সংগঠনটির প্রথম লক্ষ্য।

সেই ছোট্ট সূচনা থেকে আজ আল-মুজাহিদ ফাউন্ডেশন সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে সুবিধাবঞ্চিত শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বছরের পর বছর ধরে আল-মুজাহিদ ফাউন্ডেশন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও তাদের মানবিক কার্যক্রম বিস্তৃত করেছে। ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সময় সংগঠনটি দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠায়। পরবর্তীতে ২০২৪ সালে গাজায় যুদ্ধ তীব্র হলে, ফিলিস্তিনের যুদ্ধাহত পরিবারগুলোর জন্য আল-মুজাহিদ সরাসরি মানবিক কার্যক্রম শুরু করে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী বহনকারী একাধিক ট্রাক গাজার ভেতরে প্রবেশ করে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।

বর্তমানে গাজায় মানবিক সংকট আরও গভীর হলেও আল-মুজাহিদ ফাউন্ডেশন–এর কার্যক্রম থেমে নেই। স্বেচ্ছাসেবকরা চাল, আটা, তেল, টুনা মাছ, মসলা ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসমৃদ্ধ খাদ্য প্যাকেট বিতরণ করছেন, যা একটি পরিবারকে কয়েক দিনের খাবার নিশ্চিত করে। খাদ্য সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসা সহায়তা এবং বিধবা, এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বিশেষ কর্মসূচিও চালু রয়েছে। গাজায় আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরাও এই উদ্যোগের আওতায় সহায়তা পাচ্ছেন।

মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আল-মুজাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন—

“মানবতার ডাকই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা শুরু করেছিলাম পথশিশুদের নিয়ে, আর আজ আমরা দেশের সীমানা ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। গাজার প্রতিটি পরিবার আজ মৃত্যুভয়ে দিন কাটাচ্ছে। আমরা চেষ্টা করছি অন্তত একটি খাবার, একটি বোতল পানি বা কিছু ওষুধ তাদের হাতে তুলে দিতে। খাদ্যের পাশাপাশি আহতদের চিকিৎসা ও বিধবা-এতিমদের দীর্ঘমেয়াদি সহায়তার দিকেও আমাদের নজর রয়েছে। যতদিন সম্ভব, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

ভবিষ্যতের দিকে তাকিয়ে আল-মুজাহিদ ফাউন্ডেশন বিশ্বব্যাপী তাদের মানবিক উপস্থিতি আরও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে। জরুরি ত্রাণের পাশাপাশি তারা যুদ্ধ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য পুনর্বাসন, শিক্ষা ও দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে।

কাজী রিয়াজ রহমান জানান,
“দাতা ও শুভাকাঙ্ক্ষীদের উদারতা আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাদের সহায়তা, ভালোবাসা ও দোয়াতেই আমরা গাজাবাসী এবং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি। একসাথে আমরা হতাশার মাঝেও আশার আলো জ্বালাতে পারি।”

Share

চলুন একসাথে পরিবর্তন আনি